স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জুন, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ ৯৭
স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ।

‘স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম’ শীর্ষক প্রকল্প নিয়ে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে কুষ্টিয়া জেলা স্কুল।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশব্যাপী ৮ হাজার ২৯টি প্রকল্পের মধ্য থেকে বাছাই করে ৫৪৬টি প্রকল্পকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। পরে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ১০১টি প্রকল্প জাতীয় পর্যায়ে অংশ নেয়। সেখান থেকে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের প্রকল্পটি দ্বিতীয় স্থান অর্জন করে।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। গাইড শিক্ষক হিসেবে আইসিটি বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন সবুজ এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু বক্কর সিদ্দিক পুরস্কার গ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির নওরীন জাহান, আবির রোশান লাবিব ও জুনায়েদ পারভেজ প্রকল্পটি তৈরি ও উপস্থাপন করেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় গাইড শিক্ষকরা ৩০ হাজার টাকা করে এবং তিন শিক্ষার্থী ২০ হাজার টাকা করে পুরস্কার পান।

এ সাফল্যে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, অধ্যক্ষ হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ