রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি মিনিবাসের উদ্বোধন


প্রতিনিধি প্রকাশের সময় : ৩০ জুন, ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ ৩১
রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি মিনিবাসের উদ্বোধন

রাঙামটি প্রতিনিধি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে নতুন ক্রয়কৃত তিনটি মিনিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সংলগ্ন সড়কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিনিবাসগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ৩০ আসনবিশিষ্ট তিনটি মিনিবাস ক্রয় করা হয়েছে। নতুন বাসগুলো পরিবহন পুলে যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে। এর ফলে রাঙামাটি শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, নতুন বাস সংযোজনের মাধ্যমে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, একাডেমিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। এছাড়া পরিবহন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স) মো. জনিসহ পরিবহন বিভাগের চালক ও বাস হেলপাররাও উপস্থিত ছিলেন।

 

আর্কাইভ