
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো. আনিছুর রহমানকে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে বদলি করে কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
একই আদেশে যশোরের মনিরামপুর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন শাহানাজকে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগের পর এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে সরকারি সার চুরি ও নষ্ট হওয়ার ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে তদন্ত চলছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত স্থানে কৃষকদের জন্য সংরক্ষিত ৫৩ বস্তা সরকারি সার দুই দফায় চুরি হয়। এছাড়া বৃষ্টির পানিতে ভিজে আরও অন্তত ২০ বস্তা সার নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ভিডিও ও বিভিন্ন তথ্য-প্রমাণসহ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি সরকারি সম্পদ সংরক্ষণে কৃষি বিভাগের ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তোলে। এর পরিপ্রেক্ষিতেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :