
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত দর্শনা এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্যের বাজার তদারকির পাশাপাশি বিভিন্ন বেকারি ও খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে মো. জামাল মিয়ার মালিকানাধীন মেসার্স রিমি ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে একই ধরনের অনিয়মের পাশাপাশি খাবারে শিল্প লবণ ব্যবহার এবং চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র দ্রুত হালনাগাদ করার পাশাপাশি খাদ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :