কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও গণসমাবেশ


আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ ৫৭
কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও গণসমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বসুরহাট সরকারি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া সমাবেশে জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, যারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবছেন, তাদের কর্মকাণ্ড বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে। তাই সবাইকে ভালো কাজ করার এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যাদের মেধা ও যোগ্যতা রয়েছে কিন্তু আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলেন না, তাদের পদ-পদবি দেওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি যাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদেরও মূল্যায়ন করা হবে।

সমাবেশে দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশস্থলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০