
ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, কুমিল্লায় মাহফিল শেষে ঢাকায় ফেরার সময় বস্তল থেকে গাউসিয়াগামী সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় সড়কের ওপর বড় বড় ইট ও পাথর ফেলে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
মাদানীর ভাষ্য, পরিস্থিতি বুঝতে পেরে গাড়িচালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নেন। চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধির কারণে তাঁরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
তিনি আরও অভিযোগ করেন, ওই দল আশপাশে থাকা কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উদ্বেগজনক। দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মহান আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচে গেছেন উল্লেখ করে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এই ইসলামি বক্তা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
ওসি বলেন, পুলিশ কাছাকাছি অবস্থানে না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।
ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের শনাক্ত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আপনার মতামত লিখুন :