ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ ১০১
ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় পাবনার আটঘরিয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা দুটি মামলা রয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাঁকে আটক করা হয়।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁর পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাই করে ইমিগ্রেশন পুলিশ। যাচাইয়ে তাঁর বিরুদ্ধে মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া গেলে তাঁকে আটক করা হয়।

জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তুহিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০