কড়াইল বস্তির একটি ছবি, পিনু রহমানের বিশ্বজয়


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ ১১২
কড়াইল বস্তির একটি ছবি, পিনু রহমানের বিশ্বজয়

একদিকে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, অন্যদিকে সেই ধ্বংসস্তূপের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে একটি পরিবারের পাঁচ সদস্য। ঘর হারানোর বেদনা, অসহায়ত্বের পাশাপাশি পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধনের এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য ড্রোন ক্যামেরায় ধারণ করেছিলেন বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী পিনু রহমান। সেই ছবিই তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক আলোকচিত্র জগতের অন্যতম সর্বোচ্চ সম্মান।

দুবাইয়ে অনুষ্ঠিত হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশের পিনু রহমান। পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী প্রতিযোগিতাটির সর্বোচ্চ গ্র্যান্ড পুরস্কার অর্জন করলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাইয়ের আইকনিক মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পিনু রহমানের হাতে গ্র্যান্ড পুরস্কার তুলে দেন।

পিনু রহমানের পুরস্কারজয়ী ছবির শিরোনাম ‘আন্ডার দ্য সেম স্কাই’ (একই আকাশের নিচে)। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। এই প্রতিপাদ্যের অধীনেই ছবিটি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে।

ছবিটিতে ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাঁচ সদস্যকে ঘরের অবশিষ্ট দেয়ালের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখা যায়। আগুনে ঘরবাড়ি ও সম্পদ হারানোর পরও পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বন্ধন অটুট থাকার মানবিক বার্তা ফুটে উঠেছে ছবিটিতে।

পেশায় ব্যাংকার, নেশায় আলোকচিত্রী

পিনু রহমান পেশাদার আলোকচিত্রী নন। পেশাগত জীবনে তিনি একজন ব্যাংকার। বর্তমানে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

মানুষের জীবন, সুখ-দুঃখ, বেঁচে থাকার সংগ্রাম এবং সমাজের নানা বাস্তবতা তাঁর আলোকচিত্রের প্রধান বিষয়। ক্যামেরার মাধ্যমে মানুষের না বলা গল্পগুলো তুলে ধরাই তাঁর আলোকচর্চার অন্যতম উদ্দেশ্য।

আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য

চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় একাধিক সাফল্য অর্জন করেছেন পিনু রহমান। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

এ ছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বারডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। একই সঙ্গে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবির জন্য পেয়েছেন ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি।

হিপার প্রতিযোগিতায় বাংলাদেশের নতুন ইতিহাস

হামদান আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এবারের ১৫তম আসরে ‘ফ্যামিলি’ ছাড়াও ছিল স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও, জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগ। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীরা এসব বিভাগে অংশ নেন।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ প্রতিপাদ্যে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এবার পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কার জয় বাংলাদেশের আলোকচিত্রশিল্পের জন্য নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সেই ছবির মধ্য দিয়ে পিনু রহমান শুধু আন্তর্জাতিক স্বীকৃতিই অর্জন করেননি, বিশ্বদরবারে তুলে ধরেছেন বাংলাদেশের মানুষের জীবনসংগ্রাম, মানবিকতা ও আলোকচিত্রশিল্পের সক্ষমতা।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০