নুসরাত তাবাসসুমের বাড়িতে আ গু ন, পেট্রোল বো মা নিক্ষেপের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ ১৩০
নুসরাত তাবাসসুমের বাড়িতে আ গু ন, পেট্রোল বো মা নিক্ষেপের অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। পোস্টে দাবি করা হয়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ও সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একজন সংসদ সদস্যের বাড়িই যদি হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

এ ঘটনায় হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০