নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ ৫০
নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও সিভিল সার্জন মো. বুলবুল কবীর। এ ছাড়া নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাসসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

তাঁরা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্টরা জানান, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বের হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাছের উৎপাদন ও ব্যবহার বাড়ানো এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগগুলো তুলে ধরা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১