গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চালক নিহত, আহত: ১


প্রতিনিধি প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ
গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার চালক নিহত, আহত: ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক প্রাইভেটকার চালক নিহত ও অপর একজন আহত হয়েছে।

 

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকার যাত্রী অজ্ঞাত পুরুষ (৪৫)।

 

গজারিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

 

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।