ঝিকরগাছায় বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে বিরোধ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল


ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ ৪৭
ঝিকরগাছায় বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে বিরোধ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। পরিপত্রের বিধি-বিধান অনুসরণ না করে সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিওরদাহ বাজারের প্রধান সড়কে ঝাড়ু মিছিল বের করা হয়। এতে বিদ্যালয়ের অভিভাবক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষানুরাগী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয়দের মতামত ও প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ, শিক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন।

তারা বলেন, বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট পরিপত্র ও বিধিমালা অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এডহক কমিটি গঠন করা প্রয়োজন। বিতর্কিত সভাপতি মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনের আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাখোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল রহমান। শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, ব্যবসায়ী ও যুবনেতা মুকুল হোসেন, আজগর আলী, সাবিনা বেগম, আবেদা বেগম ও খাদিজা আক্তারসহ অনেকে।

পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কে ঝাড়ু মিছিল করেন। কর্মসূচি থেকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

রেজুলেশন ঘিরে প্রশ্ন

বিদ্যালয়ের রেজুলেশনের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মো. শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান—এই তিনজনকে এডহক কমিটির সভাপতি পদের প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়।

তবে অভিযোগকারীদের দাবি, ওই তিনজনের কাউকেই সভাপতি হিসেবে মনোনয়ন না দিয়ে আশরাফুজ্জামান নামে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ওই মনোনয়ন গত ২৭ আগস্ট দেওয়া হয়েছে বলে তারা জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার বলেন, রেজুলেশনের মাধ্যমে তিনি যে তিনজনের নাম প্রস্তাব করেছিলেন, তাদের কেউই সভাপতি মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কীভাবে মনোনীত হয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০