নওগাঁর সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় ১৪ বিজিবি


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৮ জুন, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ
নওগাঁর সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় ১৪ বিজিবি

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন (পিএসসি) এক বক্তব্যে বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত পথে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় দিন-রাত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে টহল কার্যক্রমে টর্চলাইট, নাইট ভিশন গগলস, বাইনোকুলারসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, যেকোনো ধরনের মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের অপচেষ্টা প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিদ্যমান যোগাযোগ ও সমন্বয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজিবি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো অপরিচিত ব্যক্তির চলাচল বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বাহিনীটি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় তারা সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০