নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, আটক নারী


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ ১০৩
নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, আটক নারী

নোয়াখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে রোগী সেজে সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তাঁর শরীর তল্লাশি করে চেইন না পাওয়ার পর এক্সরে পরীক্ষায় পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের কাছে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন বিবি ফাতেমা নামে এক নারী। বহির্বিভাগে চিকিৎসকের দেখানোর জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজনের একটি চক্র তাঁকে ঘিরে ফেলে। একপর্যায়ে ধাক্কাধাক্কির সুযোগ নিয়ে তাঁর গলার দুটি সোনার চেইন খুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ সময় চক্রের অন্য সদস্যরা দ্রুত সরে গেলেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনেরা সিনারা বেগমকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করেও চেইন দুটি পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি সোনার চেইন দুটি গিলে ফেলার কথা জানান।

তিনি আরও বলেন, পরে এক্সরে পরীক্ষায় ওই নারীর পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০