
মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আইনের আশ্রয় নেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন যে হামলাকারীদের গ্রেপ্তারে সোমবার রাত থেকেই অভিযান চলছে। অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে।
মুফতি আমির হামজা লেখেন, “আমি প্রশাসনের প্রতি আস্থা রাখি। আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করি।”
পোস্টের শেষাংশে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সোমবার (১ জুন) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় সংসদ সদস্য আমির হামজার শ্যালক আবু বক্কর সিদ্দিক ও গাড়িচালক সাদ্দাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন জীবননগর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :