জীবননগরে ৭৫ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ ১০৩
জীবননগরে ৭৫ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে জীবননগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে জীবননগর বিওপির একটি দল অভিযান চালায়। হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। জব্দ করা আলামতসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়াও চলছে।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১