
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মৃত দারাস উদ্দিন সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দিরের উত্তর পাশে রঞ্জিত নামে এক ব্যক্তির বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রেবা বেগম। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজনের দাবি, এ ঘটনায় এক ভেকু (খননযন্ত্র) চালকের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে হত্যার কারণ বা কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :