
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, যুবক, নারী ও বৃদ্ধসহ অন্তত ৪৯ জন পথচারী আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৪০ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। সবাই কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে সরকারি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকট রয়েছে। ফলে অনেক আহত ব্যক্তিকে নিজ খরচে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, জয়পাশা, মাগুরা, বিছরাকান্দি, উত্তরবাজার, পরিনগরসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের ওপর হামলা চালায়। একের পর এক মানুষকে কামড়ে আহত করে কুকুরটি।
ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা বিকেলে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত জীবন চন্দ্র সরকার (৪৮) বলেন, উত্তরবাজার এলাকায় কাজ করার সময় হঠাৎ পেছন থেকে একটি পাগলা কুকুর এসে দুই পায়ে কামড় দেয়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছি।
ডা. জাকির হোসেন লাখোকন্ঠকে জানান, আহত ৪৯ জনের মধ্যে ১৬ জনকে বিনামূল্যে সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে বাকিদের বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনলে তা প্রয়োগ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে সরকারি ভ্যাকসিন মজুত নেই।
কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন লাখোকন্ঠকে বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে বহু মানুষ আহত হওয়ার বিষয়টি আমরা অবগত। আগে পৌরসভার পক্ষ থেকে এক মাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছিল।
আশপাশের উপজেলাগুলোতেও একই ধরনের ঘটনা বাড়ায় ভ্যাকসিন দ্রুত শেষ হয়ে গেছে।
শিগগিরই আরও ভ্যাকসিন সরবরাহ করা হবে। তবে আইনগত সীমাবদ্ধতার কারণে কুকুর নিধনে পৌরসভা সরাসরি ব্যবস্থা নিতে পারছে না।
আপনার মতামত লিখুন :