ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিলে সেই পুরোনো কর্মীরা, ‘হাইব্রিড ও আত্মীয়করণ’ নিয়ে শীষের ক্ষোভ


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ ৮৭
ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিলে সেই পুরোনো কর্মীরা, ‘হাইব্রিড ও আত্মীয়করণ’ নিয়ে শীষের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ছাত্রদলের মিছিল ও অবস্থান কর্মসূচিতে পুরোনো কর্মীদের উপস্থিতি থাকলেও অনেক নেতাকর্মীকে মাঠে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক শীষ। একই সঙ্গে দলীয় রাজনীতিতে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের প্রাধান্য ও আত্মীয়করণের প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ছাত্রদলের এই নেতা।

স্ট্যাটাসে রিজোয়ান হক শীষ লেখেন, গত দুই দিন ধরে ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে আয়োজিত প্রতিটি মিছিলে দলের পুরোনো কর্মীরাই উপস্থিত ছিলেন। অথচ বিভিন্ন নেতার অনুসারী ও আত্মীয়স্বজন হিসেবে পরিচিত অনেককে সরকারি অফিসে দেখা গেলেও দলের প্রয়োজনে তাঁদের মাঠে পাওয়া যায় না।

তিনি আরও উল্লেখ করেন, দলের দুঃসময়ে যাঁদের মাঠে দেখা যায়নি, তাঁদের অনেকেই এখন বিভিন্ন নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ পরিস্থিতিতে সিনিয়র নেতাদের দল পুনর্গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

রিজোয়ান হক শীষ বলেন, এখনো সময় আছে দলকে গুছিয়ে নেওয়ার। হাইব্রিড নেতাকর্মী ও আত্মীয়স্বজনকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

তাঁর এই বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, মাঠপর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়তা এবং দলীয় নেতৃত্বে যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে দায়িত্ব বণ্টনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলীয় সাংগঠনিক অবস্থান নিয়েও নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০