
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৪০) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের চকপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে শফিকুল লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে ঢোকেন। এ সময় মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে টিউবওয়েলের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পৃথক ঘটনাগুলোর খবর পেয়ে পুলিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :