কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময় : ১ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে ও সিনিয়র প্রভাষক শিপ্রা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত কলেজে পাঠানো এবং তাদের পড়াশোনার খোঁজ রাখা অভিভাবকদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনে আসক্ত হয়ে বিপথগামী না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি।” সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাংবাদিক আহমদ সিরাজ এবং বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লাখোকন্ঠ প্রতিনিধি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শায়লা রহমান, প্রভাষক আশরাফুর রহমান এবং অভিভাবকদের পক্ষ থেকে মোহাম্মদ আলী। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আহমদ বলেন, “আমরা এই কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বদ্ধপরিকর।
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। কলেজের সার্বিক উন্নয়নে তিনি সবসময় সকলের সহযোগিতা কামনা করেন।” উক্ত সমাবেশে কলেজের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :