
মো: আলী শোভন, কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর বরাদ্দ থেকে ২ হাজার নির্মাণ শ্রমিকের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই শুক্রবার উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ।
এসময় তিনি বলেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি নির্মাণ শ্রমিকদের কথা মনে রেখে এই সহায়তা দিয়েছেন। ভবিষ্যতেও তিনি শ্রমিকদের পাশে থাকবেন বলে আমরা আশা করি।
এ কর্মসূচির আওতায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১২টি ইউনিয়ন শাখা ও ১টি পৌরসভা শাখাসহ মোট ১৩টি শাখার সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়।
উদ্বোধন শেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ নিজ নিজ শাখার অন্তর্ভুক্ত নির্মাণ শ্রমিকদের হাতে বরাদ্দকৃত চাল তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ছনর আহমদ, প্রচার সম্পাদক জসিম আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
চাল পেয়ে উপকারভোগী শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে বলেন, আগে কখনো এভাবে সরকারি বরাদ্দ পাইনি। বর্তমান সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু আমাদের কথা মনে রেখে এই সহায়তা দিয়েছেন। এজন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার মতামত লিখুন :