
সন্তানের পিতৃপরিচয় ও সামাজিক স্বীকৃতির দাবিতে মৌলভীবাজার কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল ও রাজনগর থানার সাবেক মুন্সি মৃণাল কান্তি দাশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী।
.
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর- ২৭/২৬।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশও দেওয়া হয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, অভিযুক্ত মৃণাল কান্তি দাশ রাজনগর থানায় মুন্সি (কনস্টেবল) হিসেবে কর্মরত থাকাকালে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে একপর্যায়ে ওই নারী গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন।
অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর থেকে অভিযুক্ত কনস্টেবল শিশুটিকে নিজের সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগীর সঙ্গে সকল যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি মৌলভীবাজার কোর্টে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী নারী জানান, সন্তানের আইনি অধিকার ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে পিবিআই মৌলভীবাজারের সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
আপনার মতামত লিখুন :