মোঃ আব্দুল কালাম :জাতীয়সংসদেরপরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের নির্দেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এই প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক নেতা ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তি কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
কমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শওকতুল ইসলাম শকু দলের শীর্ষ নেতৃত্ব ও জাতীয় সংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে আমাকে যুক্ত করায় আমি অত্যন্ত আনন্দিত। দেশের সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে অবদান রাখার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা কুলাউড়ার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন প্রকল্পগুলোকে গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চার দশকের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতার হাত ধরে পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট ও তদারকিমূলক কাজে নতুন গতি আসবে। বিশেষ করে হাওর অঞ্চল ও চা-বাগান পরিবেষ্টিত মৌলভীবাজার জেলার টেকসই অর্থনৈতিক অবকাঠামো নির্মাণে তিনি জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এদিকে শওকতুল ইসলাম শকু পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কুলাউড়া উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় সর্বস্তরের জনগণ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় ভোটারদের আশা, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাধ্যমে কুলাউড়া অঞ্চলের দীর্ঘদিনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের চলমান উন্নয়ন সংকট দূর হবে।
আপনার মতামত লিখুন :