মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজিত হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার দুর্যোগ প্রস্তুতি ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় আসন্ন মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি গ্রহণ, ত্রাণ বিতরণ কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিশেষ করে জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “যেকোনো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনসহ সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ ও দ্রুত সাড়া প্রদান অত্যন্ত জরুরি। জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে।”
তিনি দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন।
আপনার মতামত লিখুন :