ভাইরাল ভিডিওতে পিআইওকে ফাঁসানোর অভিযোগ, পাশে একাধিক ইউপি সদস্য


দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ ৫২
ভাইরাল ভিডিওতে পিআইওকে ফাঁসানোর অভিযোগ, পাশে একাধিক ইউপি সদস্য

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওতে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ তুলেছেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য।

তাঁদের দাবি, ভিডিওতে টাকা লেনদেনের কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

সম্প্রতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজন ব্যক্তিকে টাকা গুনতে দেখা গেলেও সেই টাকা পিআইও বাবুল চন্দ্র রায়ের কাছে দেওয়া হয়েছে—এমন কোনো দৃশ্য দেখা যায় না বলে দাবি করেন কয়েকজন জনপ্রতিনিধি।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ভিডিওতে টাকা গোনার দৃশ্য দেখা গেলেও পিআইওর হাতে টাকা দেওয়ার কোনো দৃশ্য নেই। তাঁর দাবি, কাউকে বিব্রত করতে বা ফাঁসাতে পরিকল্পিতভাবে ভিডিওটি প্রচার করা হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পে কাজ করলেও কোনো সময় পিআইও তাঁর কাছে অর্থ দাবি করেননি।

৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভরত চন্দ্র রায় বলেন, তিনি বাস্তবায়ন করা প্রকল্পগুলোর কোনো পর্যায়েই পিআইও তাঁর কাছে টাকা চাননি। শুধু ভিডিওর ভিত্তিতে অভিযোগ করা ঠিক হবে না বলেও তিনি মন্তব্য করেন।

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, ভিডিওতে টাকা লেনদেনের বিষয়টি স্পষ্ট নয়। তাঁর ভাষ্য, প্রকল্প-সংক্রান্ত কিছু প্রশাসনিক ব্যয় থাকলেও ভিডিও দেখে ঘুষ গ্রহণের অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, ভাইরাল ভিডিওতে কোনো টাকা লেনদেন হয়নি। তিনি জানান, ওই সময় তিনি ক্যালকুলেটরে ভ্যাট ও ট্যাক্সের হিসাব করছিলেন। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি এবং তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ভিডিওটি প্রচার করা হয়েছে।

বাবুল চন্দ্র রায় আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করেছেন। প্রকল্পের কাজের মান নিয়ে আপস না করায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে বলেও তিনি দাবি করেন।

ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও বাসিন্দা বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০