
গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের মো. আসাদুজ্জামান শামীম (৩৭)। তিনি ওই গ্রামের বাসিন্দা আবু হাসনাতের ছেলে।
পুলিশ জানায়, বৃদ্ধা আঞ্জুমান আরা (৬৮) তাঁর নামে থাকা সম্পত্তি ছেলের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে গত ৭ জুন ছেলে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরার পর ১৪ জুন আবারও তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় হত্যা চেষ্টা, গুরুতর আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি জানার পর অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামইরহাট উপজেলার বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় পাঠানো হবে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিতামাতার ওপর নির্যাতনের মতো ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যায়ের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :