
নিহত আফরোজা বেগম (১৮) উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।
সোমবার সকালে নিথক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে দীন ইসলামের সঙ্গে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর তাঁরা গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। নিহতের পরিবারের দাবি, সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো এবং আফরোজাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।
গত শনিবার রাতে আফরোজা তাঁর বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের কথা জানান। এ সময় তাঁকে মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। কথা বলার একপর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহতের পরিবারের ভাষ্য, এর কিছুক্ষণ পর দীন ইসলাম আফরোজার শ্বশুরকে ফোন করে জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। চিকিৎসার খরচের জন্য টাকাও চান তিনি। টাকা পাঠাতে দেরি হলে পরে আফরোজার মৃত্যুর খবর জানানো হয়।
স্বজনদের অভিযোগ, সোমবার সকালে গাজীপুর থেকে একটি লাশবাহী গাড়িতে করে আফরোজার মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাড়ির উঠানে মরদেহ রেখে গাড়িটি চলে যায়। সে সময় স্বামী বা তাঁর পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না বলেও দাবি করেন তাঁরা।
আফরোজার চাচাতো বোন শাপলা বেগম অভিযোগ করেন, গাজীপুরের বাসায় আফরোজাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিহতের স্বজনরা।
তবে পুলিশ জানিয়েছে, আফরোজার সঙ্গে পাওয়া ঢাকার উত্তরা এলাকার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্রে বিষপানের কারণে তাঁর মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মরদেহের সঙ্গে হাসপাতালের কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেখানে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ থাকলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আফরোজার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট হওয়া যাবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :