
মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী (৪২) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর খুন হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। এ ঘটনার পরেই ঘাতক রাজন পালিয়ে যায়। সে সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য নিহত মোস্তফার কাছে আসেন ঘাতক রাজন। সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে তর্কে ও মারামারিতে জড়িয়ে পরে দুজন। এ সময় রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দোকানে মরদেহ রেখে পালিয়ে যান রাজন। স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করতে এসেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। ঘাতক পালিয়েছে। ঘাতক রাজনকে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :