
পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা চাঁদ সুলতানা (৬৫)-এর ওপর নির্যাতনের বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তদন্তে জানা যায়, খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) তাদের মা চাঁদ সুলতানার সম্পত্তি নিজেদের নামে লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ছাড়া, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বৃদ্ধ মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
পুলিশের ভাষ্য, তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে বৃদ্ধার ওপর আরও নির্যাতনের আশঙ্কা ছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের স্বার্থে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামইরহাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :