পোশাকশ্রমিকদের সর্বজনীন পেনশনে আনার উদ্যোগ


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ ৮৭
পোশাকশ্রমিকদের সর্বজনীন পেনশনে আনার উদ্যোগ

পোশাক খাতের শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে পোশাক খাতের সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান ও সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

মূল প্রবন্ধে ড. সুরাতুজ্জামান বলেন, নাগরিকদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা এ স্কিমে যুক্ত হয়ে ৬০ বছর বয়সে পেনশন পাওয়ার সুযোগ পাবেন। গ্রাহকের অকালমৃত্যু হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনীত ব্যক্তি জমা অর্থ ও মুনাফা পাওয়ার সুযোগ থাকছে।

তিনি বলেন, পোশাক খাতের মতো বড় কর্মসংস্থানমুখী শিল্পের শ্রমিকদের এ ব্যবস্থার আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে বিজিএমইএকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতের বিপুলসংখ্যক শ্রমিককে দ্রুত সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শ্রমিকদের আগ্রহ বাড়াতে প্রাথমিক পর্যায়ে বিশেষ সরকারি প্রণোদনা এবং পোশাকশ্রমিকদের জন্য পেনশন পাওয়ার বয়স ৬০ থেকে কমিয়ে ৫৫ বছর করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও মত দেন তিনি।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, প্রায় ৫০ লাখ পোশাকশ্রমিককে একটি অভিন্ন পেনশন ব্যবস্থায় যুক্ত করা বড় চ্যালেঞ্জ হলেও উদ্যোগটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণকারীরা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তারা তাদের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন।

অনুষ্ঠানে পোশাকশিল্পের উদ্যোক্তা, কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএর সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০