পোশাক শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে বিজিএমইএ-ওয়েজলি বাংলাদেশের যৌথ উদ্যোগ


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ ৬৮
পোশাক শ্রমিকদের দক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে বিজিএমইএ-ওয়েজলি বাংলাদেশের যৌথ উদ্যোগ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আর্থিক সচেতনতা, সফট স্কিল ও কর্মক্ষেত্রের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওয়েজলি বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় যৌথভাবে ‘ট্রেনিং অব ট্রেইনারস (ToT)’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার পোশাক শ্রমিককে আর্থিক সচেতনতা, কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সফট স্কিল, কর্মশৃঙ্খলা ও উৎপাদনশীলতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রথম পর্যায়ে বিজিএমইএ তাদের ৫০টি সদস্য কারখানা নির্বাচন করবে। পরে ওয়েজলি বাংলাদেশ নির্বাচিত কারখানাগুলোর মানবসম্পদ (এইচআর) কর্মকর্তা, প্রশিক্ষক, লাইন সুপারভাইজার ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেইনাররা নিজ নিজ কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ দেবেন। পুরো কার্যক্রম যৌথভাবে তদারকি ও মনিটরিং করবে বিজিএমইএ ও ওয়েজলি বাংলাদেশ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া, কো-চেয়ারম্যান জান্নাতুল বাকার খান, ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) এবং ডেপুটি সেক্রেটারি সায়লা আক্তার নোভাসহ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েজলি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহী, ভাইস প্রেসিডেন্ট এস এম জামশেদ হাসান, হেড অব সেলস আজমী কবির, সিনিয়র ম্যানেজার (বিজনেস) অদিতি আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাইলট প্রকল্পে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে শ্রমিকদের আর্থিক সক্ষমতা, সফট স্কিল ও উৎপাদনশীলতা উন্নয়নে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

ওয়েজলি বাংলাদেশের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নূর এলাহী বলেন, বিজিএমইএর সঙ্গে এ উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই দক্ষতা উন্নয়ন মডেল গড়ে তুলতে সহায়ক হবে। শ্রমিকদের আর্থিক সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে বিজিএমইএর সঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে পোশাক শিল্পে দক্ষ, আর্থিকভাবে সচেতন ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি শিল্পখাতে একটি টেকসই সক্ষমতা উন্নয়ন মডেল প্রতিষ্ঠিত হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১