নারায়ণগঞ্জ ইপিজেডে ‘ভূত আতংক’, গণহারে শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ ১৬৪
নারায়ণগঞ্জ ইপিজেডে ‘ভূত আতংক’, গণহারে শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে নামে পোশাক কারখানায় আজও গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গণহারে বেশ কিছু নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শ্রমিকদের দাবি, কারখানার ভেতরে ভূতের আনাগোনা হচ্ছে এমন আতংকে গত দুদিন ধরে গণহারে নারী শ্রমিকরা ভূত আতংকে অসুস্থ হয়ে পড়ছেন। আজও অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয়।

তবে কারখানা কতৃপক্ষ ও বেপজা কর্মকর্তারা বলছেন, কারখানা পরিদর্শন করে তেমন কোনো ঘটনা বা অস্বাভাবিক কোন কিছুর আলামত তাদের নজরে পড়ে নি। বিষয়টি হিট স্ট্রোক বা হিস্টিরিয়ার মতো প্যানিক আতংকজনিত ঘটনা বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

গতকাল (২২ আগস্ট) শনিবার কারখানা ছুটির পর রোববার (২৩ আগস্ট) সকালে শ্রমিকরা কর্মসংস্থানে যোগদানের পর পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গতকাল (২২ আগস্ট) শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে পোশাক কারখানাটির নতুন ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেয়ে শতাধিক অতিক্রম করলে নির্ধারিত সময়ের পূর্বেই কারখানা কর্তৃপক্ষ সাড়ে সাতটায় সবাইকে ছুটি দিয়ে দেন। একই সঙ্গে অসুস্থ শ্রমিকদের ইপিজেডের অভ্যন্তরে বেপজা মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। পরবর্তীতে অসুস্থ শ্রমিকরা সুস্থ হলে তাদের রিলিজ দেয়া হয়।

রোববার (২৩ আগস্ট) সকালে যথারীতি শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ দিলে পুনরায় গতকালের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। আজও বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এমন ঘটনায় শ্রমিকরা আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। শ্রমিকরা সবাই কারখানার ভেতর থেকে বেরিয়ে ইপিজেডের অভ্যন্তরীন রাস্তায় নেমে আসে। সবার মধ্যে আতংকের পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন।

কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক বলেন, গতকাল এক নারী শ্রমিক ভূতের আনাগোনা লক্ষ্য করেন। পরে ওই শ্রমিক অস্বাভাবিক আচরণ শুরু করে অসুস্থ হয়ে পড়ন। পরবর্তীতে একে একে  আরও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা জুড়ে ভূত আতংক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক বলেন, আজকে সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজ শুরু করলে গতকালের মতো একে একে বেশ কয়েকজন শ্রমিক অস্বাভাবিক আচরণ করে অচেতন হয়ে পড়েন। আজও অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক বেপজা মেডিক্যাল সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে মালিকপক্ষ আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দেন।

এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিতে এসেছিল। তবে অনাকাঙ্ক্ষিতভাবে গতকালের মতো আজও ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে মালিকপক্ষ অসুস্থ শ্রমিকদের চিকিৎসা প্রদান করে আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছেন।’

আদমজী ইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, ‘আজও ৫ থেকে ৭জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বেপজা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে। ইডি স্যারসহ আমরা কারখানাটির বিভিন্ন স্থান ঘুরে  পরিদর্শন করেছি। তবে অস্বাভাবিক কোন কিছু আমাদের চোখে পড়েনি।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা ভূতের বিচরণ হচ্ছে এমন কথা বলছেন। তবে এটা সচেতনদের বোঝার বিষয়। আমরা শ্রমিকদের নানাভাবে বুঝিয়েছি। গত দু’দিন ধরে একই ঘটনার মূল কারণ নিশ্চিত হতে আমরা নানাভাবে চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অতিরিক্ত গরমে শ্রমিকরা হিট স্ট্রোক বা হিস্টিরিয়ার মতো প্যানিক আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন।একজনের দেখাদেখি আতংকে অন্যজন অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় আজকে কারখানা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।’

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১