মেহেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ ৪০
মেহেরপুর সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুর সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম ও সহকারী অধ্যাপক সানজিদা ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান এবং নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. কাউছার আলী।

প্রধান ও বিশেষ অতিথিরা কলেজ ক্যাম্পাসে পৌঁছালে অধ্যক্ষ, শিক্ষক, কলেজ স্কাউটস ও বিএনসিসির সদস্যরা তাঁদের স্বাগত জানান। পরে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন প্রবীণ শিক্ষার্থীরা। এ সময় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা পেয়ে নবাগত শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একবার ভালো ফলাফল করে বসে থাকার সুযোগ নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সব সময় নিজেকে এগিয়ে রাখতে হবে এবং নতুন নতুন বিষয় শিখতে হবে।

তিনি বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও কলেজের অন্যান্য কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকতে হবে। শুধু একাডেমিক ফলাফল নয়, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, শিক্ষা বর্তমানে সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভবিষ্যৎ শিক্ষাজীবনের অনেক কিছু নির্ভর করে। তাই সব ধরনের প্রলোভন ও আবেগ নিয়ন্ত্রণ করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ারও আহ্বান জানান তিনি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০