ইউজিসি প্রতিনিধি দলের মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ ৩৭
ইউজিসি প্রতিনিধি দলের মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্রতিনিধি দল।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ, ভৌত অবকাঠামো ও বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো ও সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. কামরুল ইসলাম, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান এবং সিনিয়র সহকারী পরিচালক মো. নুর ইসলাম চৌধুরী।

এর আগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে প্রতিনিধি দলকে স্বাগত জানান উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম হোসেন বলেন, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি দুটি বিভাগ চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা যাচাই করতে এসেছে। সরেজমিনে পরিদর্শনে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদনে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় জায়গা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে। বরং প্রয়োজনের তুলনায় জায়গার পরিমাণ বেশি থাকায় বিষয়টি তাঁদের ভালো লেগেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব আর্টসের অধীনে ইংরেজি বিভাগ চালুর লক্ষ্যে ইউজিসি এ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। প্রতিনিধি দলের পরিদর্শন ও সুপারিশের ভিত্তিতে বিভাগ দুটি চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০