আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ, আলোচনার আশ্বাস


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ ৪২
আমিরাতে বাংলাদেশিদের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ, আলোচনার আশ্বাস

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ভিসা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আমিরাত সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, আমিরাতে বাংলাদেশিদের ভিসা পরিস্থিতি সরকারের নজরে রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও তৎপরতা চলছে। মন্ত্রী পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। বর্তমান সরকার জনগণ ও প্রবাসীদের কল্যাণে কাজ করছে। প্রবাসীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন প্রবাসে থাকায় প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবগত। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সিআইপি সম্মাননা দেওয়া হয়। আমিরাতের সাবেক মন্ত্রী, বাংলাদেশ থেকে আসা সংসদ সদস্য, রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলসহ আমন্ত্রিত অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আয়োজকেরা জানান, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী উদ্যোক্তা ও রেমিট্যান্সযোদ্ধাদের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়েছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০