ফার্স্ট হুইসেলে কতটা জমাতে পারলেন রায়হান রাফী?


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
ফার্স্ট হুইসেলে কতটা জমাতে পারলেন রায়হান রাফী?

জীবনের গল্প থেকেই সিনেমার উপাদান খুঁজে নিতে ভালোবাসেন নির্মাতা রায়হান রাফী। তাঁর বিশ্বাস, বাস্তব জীবন থেকে উঠে আসা গল্পই দর্শকের সঙ্গে সবচেয়ে সহজে সংযোগ তৈরি করতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। তাই দর্শকরা চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পান, নিজেদের গল্পও যেন সেখানে দেখতে পান।’

এই কথার বাস্তব প্রমাণ মিলেছে তাঁর নির্মিত একাধিক সিনেমায়। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’—প্রতিটি সিনেমাই দর্শকের মধ্যে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। গল্প বলার ধরন, নির্মাণশৈলী এবং আবেগঘন উপস্থাপনায় রাফী ঢাকাই সিনেমায় নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন।

আসন্ন ঈদেও ভিন্ন পথে হাঁটলেন তিনি। যখন অন্য নির্মাতারা বড় তারকা ও বড় বাজেটের সিনেমা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তখন রাফী হাজির হচ্ছেন নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘প্রেশার কুকার’। সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে গেল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশের পর। তবে নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’।