ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ ৫০
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী দলগুলোর আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টি। আরব দলগুলোর ১৯টি আসন যোগ হলে নেতানিয়াহুবিরোধী পক্ষের সম্ভাব্য আসনসংখ্যা দাঁড়ায় ৬৭টি।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত আংশিক ফলাফলের ভিত্তিতে এ চিত্র পাওয়া গেছে। তবে ভোট গণনা এখনো সম্পূর্ণ হয়নি এবং চূড়ান্ত ফলাফলে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

গণনা করা ভোটের হিসাবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৬টি আসন। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে।

এদিকে, আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে। এসব দলের সমর্থন নিয়ে আইজেনকোটের জোট সরকার গঠনের উদ্যোগ নিলে তাদের সম্ভাব্য আসনসংখ্যা হবে ৬৭টি। তবে এ ধরনের জোট গঠন হবে কি না, তা নির্ভর করছে রাজনৈতিক আলোচনা ও সমঝোতার ওপর।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হয়। ফলে বর্তমান আংশিক ফলাফলে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট—কোনোটিই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এদিকে, নির্ধারিত ভোটকেন্দ্রের বাইরে ভোট দেওয়া সেনাসদস্য, কূটনীতিক, হাসপাতালের রোগীসহ অন্যান্য যোগ্য ভোটারদের বিশেষ ব্যালট গণনা বাকি রয়েছে। এসব ভোট গণনা ও যাচাই শেষে আসনবণ্টনে পরিবর্তন আসতে পারে।

ফলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং সরকার গঠনের সমীকরণ নির্ধারণে আগামী সময়ে রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সূত্র: হারেতজ ও টাইমস অব ইসরায়েল।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১