
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ একাডেমি ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে অ্যান কার্সনের নাম ঘোষণা করে। একাডেমির ভাষ্য, শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপের মাধ্যমে তিনি সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টি করেছেন।
১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া ৭৬ বছর বয়সী কার্সন কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ক্লাসিকসের শিক্ষক হিসেবে পরিচিত। তার লেখায় কবিতা, গদ্য, সংলাপ ও অনুবাদের মিশ্রণ দেখা যায়। প্রাচীন গ্রিক সাহিত্য তার সৃষ্টিকর্মে বিশেষ প্রভাব ফেলেছে।
তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘অটোবায়োগ্রাফি অব রেড’ (১৯৯৮), ‘দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড’, ‘ফ্লোট’ (২০১৬) এবং ‘রং নর্মা’ (২০২৩)। ‘অটোবায়োগ্রাফি অব রেড’-এ প্রাচীন গ্রিক পুরাণের চরিত্র গেরিয়নকে আধুনিক জীবন ও ভাষার সঙ্গে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি।
স্যাফো, সফোক্লিস ও ইউরিপিডিসসহ প্রাচীন গ্রিক সাহিত্যিকদের রচনাও অনুবাদ করেছেন কার্সন। কবিতা, অনুবাদ, প্রবন্ধ, মঞ্চ ও অন্যান্য শিল্পমাধ্যমে তার বহুমাত্রিক কাজের জন্য আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত।
২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।
আপনার মতামত লিখুন :