আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ ৪১
আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই।

শনিবার (৭ নভেম্বর) সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দুবাই কনস্যুলেটেও দিবসটি উদযাপন

এদিকে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। পরে মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে কনস্যুলেটের মিলনায়তনে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। পরে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় কনসাল জেনারেল ছাড়াও দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সিআইপি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য দেন।

দুই মিশনের পৃথক কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০