
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সর্বোচ্চ বি১ সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দুই দফায় হামলার পর উপসাগরীয় দেশ ও জর্ডানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রকাশ করা এই তালিকায় রয়েছে কুয়েতের শেখ জাবের আল-আহমাদ আল-সাবাহ সমুদ্র সেতু, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শেখ জায়েদ সেতু, আল মাকতা সেতু এবং শেখ খলিফা সেতু, সৌদি আরবকে বাহরাইনের সাথে সংযোগকারী কিং ফাহদ কজওয়ে সেতু, জর্ডানের কিং হুসেন ব্রিজ, দামিয়া ব্রিজ এবং আবদুন ব্রিজ।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন-ইসরাইলি হামলায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু হিসেবে পরিচিত একটি সেতু আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে ‘প্রস্তর যুগে পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারির পর এই হামলা চালানো হয়।
১৩৬ মিটার উঁচু বি১ সেতুটির নির্মাণকাজ এখনও চলছে। এটি তেহরানকে পশ্চিমাঞ্চলীয় শহর কারাজের সাথে সংযুক্ত করেছে। হামলায় আটজন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :