টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, আড়াই লাখ ই য়া বা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ ১০৪
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান, আড়াই লাখ ই য়া বা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা পালিয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার জিম্বংখালী সীমান্ত এলাকায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্টসংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশে প্রযুক্তির সহায়তায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা লুঙ্গি দিয়ে মোড়ানো দুটি ব্যাগ ফেলে ঘেরের পাশ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০