
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, পবিত্র রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকতার ধাপ সম্পন্ন হলো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত পত্রে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতাতেই এই চিঠি পাঠানো হলো।
চিঠিতে প্রধান উপদেষ্টার ভাষণের কথা উল্লেখ করে বলা হয়, বিগত ১৫ বছর ধরে দেশের নাগরিকরা ভোট দিতে না পারায় আগামী নির্বাচনটি যেন একটি ‘মহা-আনন্দের ভোট উৎসব’ হিসেবে স্মরণীয় হয়ে থাকে, সে বিষয়ে তিনি জোর দিয়েছেন। নির্বাচনকে আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে এবং পারস্পরিক সৌহার্দ্যে অবিস্মরণীয় করে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
একটি প্রত্যাশিত মানের নির্বাচন আয়োজনে আধুনিক ও উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :