
অ্যানথ্রোপিক স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে জানায়, মার্কিন বাণিজ্য দফতর বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি অবহিত করেছে। বুধবার (২ জুলাই) থেকে ক্লড ফ্যাবল ৫ এবং মিথোস ৫-এ বিদেশি ব্যবহারকারীরা প্রবেশ করতে পারবে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে অ্যানথ্রোপিক বলেছে, ‘আমরা আমাদের ব্যবহারকারীদের ধৈর্যের জন্য এবং মডেলগুলো পুনরায় চালু করার কাজে যারা আমাদের সাথে কাজ করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।’
অ্যানথ্রোপিককে লেখা এক চিঠিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, কোম্পানিটির আর রফতানি লাইসেন্সের প্রয়োজন হবে না, কারণ তারা ‘মডেলগুলোর সাথে সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি সক্রিয়ভাবে শনাক্ত ও মোকাবেলা করতে’, আসন্ন মডেলগুলোর মানদণ্ড নির্ধারণে সরকারের সাথে কাজ করতে এবং ‘ক্ষতিকর কার্যকলাপ’ সম্পর্কে সরকারকে অবহিত করতে সম্মত হয়েছে।
গত মাসের শুরুর দিকে জনসাধারণের জন্য নতুন এআই মডেল ফ্যাবল ৫ ও মিথোস ৫ চালু করে অ্যানথ্রোপিক। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন প্রশাসন নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে কোম্পানিটিকে কোম্পানির কর্মচারীসহ সকল বিদেশি নাগরিকের জন্য মডেল দুটির ব্যবহার বন্ধ করার নির্দেশ দেয়।
গত ১২ জুন কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ক্লড ফ্যাবল ৫ নামের এই প্রোগ্রামটি ব্যবহার করা থেকে বিদেশি নাগরিকদের নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতি মতে, ‘এই নির্দেশের ফলে আমাদের সব গ্রাহকের জন্য ফ্যাবল ৫ এবং মিথোস ৫ হঠাৎ করে বন্ধ করে দিতে হচ্ছে, যাতে নির্দেশ মেনে চলা যায়।’
অ্যানথ্রোপিক আরও জানায়, সরকার অনির্দিষ্ট জাতীয় নিরাপত্তা উদ্বেগ ছাড়া এই আদেশের জন্য কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি, কিন্তু তারা বিশ্বাস করে যে, কর্মকর্তারা ফ্যাবল ৫-এর নিরাপত্তা দুর্বলতা নিয়ে চিন্তিত ছিলেন। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর সম্প্রতি এআই মডেলগুলোর ওপর নজরদারি ব্যাপকভাবে বেড়ে যায়। প্রতিযোগি প্রতিষ্ঠান ওপেনএআই-ও তাদের ‘জিপিটি-৫.৬’ মডেলের উন্মুক্ত প্রকাশ পিছিয়ে দিয়েছে সরকারের অনুরোধে।
গণনজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় নিজেদের প্রযুক্তি ব্যবহারে আপত্তি জানানোর পর পেন্টাগন চলতি বছরের মার্চ মাসে অ্যানথ্রোপিককে ‘সাপ্লাই-চেইন রিস্ক’ হিসেবে তালিকাভুক্ত করে। চ্যাটজিপিটি-র নির্মাতা ওপেনএআই গত সপ্তাহে ঘোষণা করেছে যে, মার্কিন সরকারের চাপে পর্যায়ক্রমে তাদের সর্বশেষ এআই মডেল সিরিজ জিপিটি-৫.৬, প্রথমে ‘বিশ্বস্ত অংশীদারদের একটি ছোট গোষ্ঠীর’ জন্য চালু করা হবে।
আপনার মতামত লিখুন :