
অভিযোগকারী আব্দুল হাই দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের তিনবারের সাবেক ইউপি সদস্য। তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশের কারণে তাঁকে মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে এবং তিনি ও তাঁর পরিবার নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
আব্দুল হাই গণমাধ্যমকে বলেন, সাবেক সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি ২৫ লাখ টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁকে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়েছিল। তিনি রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এসব অনিয়মের বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে—এমন ধারণা থেকে ছানোয়ার হোসেন তাঁর ওপর ক্ষুব্ধ হন।
আব্দুল হাইয়ের দাবি, ওই বিরোধের জেরে তাঁকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি তিনি ও তাঁর পরিবার প্রাণনাশের হুমকি এবং সামাজিকভাবে সম্মানহানির শিকার হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের ২১ আগস্ট দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. ছানোয়ার হোসেন। চাকরিকালীন সময়ে গ্রামভিত্তিক বিভিন্ন প্রকল্পে ভুয়া ব্যক্তিদের নামে ঋণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তাঁর বিরুদ্ধে জমা পড়ে সমাজসেবা অধিদপ্তরে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সমাজসেবা অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক সিদ্দিকা সহেলী রশীদ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটি তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের চারটি স্কিমের বিপরীতে সার্ভিস চার্জ বিনিয়োগের জন্য আরএসএস সুদমুক্ত খাতের অর্থ ব্যবহারের তথ্য উল্লেখ করা হয়। প্রতিটি স্কিমে ১ লাখ ২০ হাজার টাকা করে বাংলাদেশ কৃষি ব্যাংক দামুড়হুদা শাখার মাধ্যমে অর্থ বরাদ্দের তথ্য উঠে আসে। এ ঘটনায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি সে সময় এলাকায় আলোচনার সৃষ্টি করে।
বর্তমানে ছানোয়ার হোসেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরে প্রবেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও সরকারি দায়িত্বে বহাল থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও সমালোচনা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। সাবেক ইউপি সদস্যকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমি তাঁর কাছে টাকা পাই। আমার পাওনা টাকা দিতে অস্বীকার করায় মামলা করেছি।”
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, জেলার কিছু ব্যক্তিকে অনৈতিক সুবিধা দিয়ে ওই কর্মকর্তা কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ও একজন জনপ্রতিনিধিকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ—দুটি বিষয়ই যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকলে সরকারি সেবা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
আপনার মতামত লিখুন :