গজারিয়ায় ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৪


মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ ১০৯
গজারিয়ায় ডিবি পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গজারিয়া থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও লুণ্ঠিত কাভার্ডভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগের রাজু আহমেদ (৪০), কামরাঙ্গীরচরের নুরুজ্জামান (২৯), লক্ষ্মীপুরের রামগঞ্জের খোরশেদ আলম (৪৫) এবং মাদারীপুরের শিবচরের জাকির হোসেন (৩১)।

পুলিশ সুপার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে ঢাকা মেট্রো-ন-২৩-১৫২৬ নম্বরের একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে একটি সাদা টয়োটা নোয়া গাড়ি থেকে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করেন।

এ সময় তাঁরা চালককে মারধর করে গাড়িতে মাদক রয়েছে বলে অভিযোগ তোলেন। পরে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাঁকে নিজেদের গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। একপর্যায়ে কুমিল্লার একটি নির্জন স্থানে চালককে নামিয়ে দিয়ে কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান তাঁরা।

লুণ্ঠিত কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা। এতে থাকা ৩০০ বস্তা প্লাস্টিক দানার মূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় ২৭ নভেম্বর গজারিয়া থানায় দস্যুতার মামলা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদের তত্ত্বাবধানে গজারিয়া থানার ওসি কায়সার আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১২-৮২৪৫ ও ঢাকা মেট্রো-চ-১৪-৬৮৭৪ নম্বরের দুটি মাইক্রোবাস এবং লুণ্ঠিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বদরুদ্দোজা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে আরও দুই থেকে তিনজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে আরও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় মামলাটি দস্যুতার ধারা থেকে ৩৯৫/৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে একটি লেজার লাইট (টার্গেট লাইট), সাংবাদিক লেখা ‘প্রেস’ স্টিকার, জরুরি চিকিৎসক লেখা স্টিকার, একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০