মিরাজের নেতৃত্বে নতুন যুগে বাংলাদেশ, কলম্বোয় প্রথম পরীক্ষায় একাদশ নিয়ে জল্পনা


প্রতিনিধি প্রকাশের সময় : ২ জুলাই, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
মিরাজের নেতৃত্বে নতুন যুগে বাংলাদেশ, কলম্বোয় প্রথম পরীক্ষায় একাদশ নিয়ে জল্পনা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ পঞ্চপাণ্ডব যুগের অবসানের পর এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো কিংবদন্তিদের ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে উঠেছে ওয়ানডে নেতৃত্বের গুরুভার।

এই নতুন যুগে দলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব থাকবে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের কাঁধে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন দাস এই ম্যাচে একাদশে ফিরছেন। তার সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওপেনিংয়ে নাঈম শেখের অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরালো।

নাঈম একাদশে সুযোগ পেলে টপ অর্ডারে আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে তিন নম্বরে খেলা নাজমুল শান্তকে চার নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে, যদিও সাদা বলের ক্রিকেটে এই পজিশনে তিনি এখনও নিয়মিত নন। অধিনায়ক মেহেদী মিরাজ সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে নিচে নেমে ছয়ে খেলতে পারেন।

কলম্বোর উইকেট ঐতিহ্যগতভাবে স্পিনারদের সহায়তা করে। তবে শ্রীলঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা একটি ‘স্পোর্টিং’ উইকেটের আশা প্রকাশ করেছেন, যেখানে ব্যাটাররাও সুবিধা পাবেন। এমন উইকেটে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারের সমন্বয়ে দল সাজাতে পারে।

পেস আক্রমণে চোট কাটিয়ে তাসকিন আহমেদের ফেরা প্রায় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে নাহিদ রানার খেলার সম্ভাবনা রয়েছে।

তবে স্পিন বিভাগ নিয়েই থাকছে মূল অনিশ্চয়তা। অধিনায়ক মিরাজের সঙ্গী হিসেবে লেগ স্পিনার রিশাদ হোসেনই প্রথম পছন্দ, যিনি রান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্রেক থ্রু এনে দিতে পারদর্শী। কিন্তু পেটের পীড়ার কারণে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রিশাদ শেষ পর্যন্ত খেলতে না পারলে তার জায়গায় বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা যেতে পারে।

এদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলেও রয়েছে কিছু একাদশ-ভাবনা। ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে আভিস্কা ফার্নান্দো ও নিশাম মাদুশঙ্কার মধ্যে একজনকে বেছে নেবে তারা। স্পিন বিভাগে মহেশ থিকসানার থাকা নিশ্চিত। পেস আক্রমণে অভিজ্ঞতার কারণে দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দোর চেয়ে এগিয়ে থাকতে পারেন এবং তাদের সঙ্গী হতে পারেন এসান মালিঙ্গা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস,  তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, নাঈম শেখ, নাজমুল শান্ত, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম এসান মালিঙ্গা, দিলশান মাদুশাঙ্কা।

আর্কাইভ