প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ ৫৭
প্রধানমন্ত্রী যখন জাপান থাকবেন, রাষ্ট্রদূত থাকবেন ঢাকায়

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় ডেকে পাঠানোর পর সফরের সময়ও তিনি রাজধানীতে অবস্থান করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিও দূতাবাসের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা যায়। তবে রাষ্ট্রদূতকে সফরে না রাখার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এ বিষয়ে ‘কিছু জানেন না’।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার চতুর্থ বিদেশ সফর।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।

সফরের কূটনৈতিক কার্যক্রম ও সার্বিক সমন্বয়ে সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) নজরুল ইসলামকে টোকিওতে পাঠানোর কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়।

সরকারপ্রধানের সফরের ঠিক আগে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনপ্রধানকে ঢাকায় ডেকে পাঠানোর ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন তিনটি দেশে বাংলাদেশের মিশনপ্রধানের দায়িত্ব পালন করা এক সাবেক রাষ্ট্রদূত।

তিনি বলেন, সরকারপ্রধানের বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেন। সফরের প্রস্তুতি ও সমন্বয়েও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

তবে দাউদ আলীকে কেন ঢাকায় ডেকে পাঠানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেন ওই সাবেক রাষ্ট্রদূত।

বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা দাউদ আলী এর আগে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে তিনি টোকিও মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তাঁর অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১