
মূলত প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মশালায় অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, সাবেক আমলা ও প্রথিতযশা অ্যাকাডেমিশিয়ানরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, বিল পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখা এবং নিজ এলাকার সমস্যাগুলো যথাযথভাবে সংসদে উপস্থাপন করা যায়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। কর্মশালায় জাইমা রহমানকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :