৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

দীর্ঘ প্রায় ৫৩ বছর পর আবারও মানুষকে চাঁদের কক্ষপথে পাঠাতে যাচ্ছে নাসা। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ অভিযানের মাধ্যমে চাঁদে নভোচারী পাঠানো হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্টেমিস টু অভিযানের আওতায় বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশযাত্রা শুরু করবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ৪টা ২৪ মিনিটে এই উৎক্ষেপণ হওয়ার কথা রয়েছে।

এই অভিযানে অংশ নিচ্ছেন মার্কিন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। তাদের সঙ্গে রয়েছেন কানাডার জেরেমি হ্যানসেন। তিন পুরুষ ও এক নারী নভোচারীর এই দল মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে চলেছে।

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

প্রায় ১০ দিনের এই অভিযানে মহাকাশযানটি চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবে। তবে এবার চাঁদে অবতরণ করা হবে না। ১৯৬৮ সালের অ্যাপোলো ৮ অভিযানের মতোই কক্ষপথ প্রদক্ষিণই মূল লক্ষ্য।

নাসার নতুন শক্তিশালী রকেট ‘এসএলএস’ ব্যবহার করে এই অভিযান পরিচালিত হবে। কমলা-সাদা রঙে রাঙানো রকেটটি ভবিষ্যতে একাধিক চন্দ্রাভিযানে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম কোনো চন্দ্রাভিযানে একজন নারী, একজন কৃষ্ণাঙ্গ এবং একজন অ-মার্কিন নভোচারী একসঙ্গে অংশ নিচ্ছেন যা মহাকাশ ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ